মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমানকে উপজেলা বিএনপির আহ্বায়ক, রামভদ্রপুর ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান রুকনকে ১নং যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলুকে সদস্য সচিব করে ৯৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আর ফুলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আমিনুল হককে পৌর বিএনপির আহ্বায়ক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম তোজাম্মেল হককে ১নং যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোস্তফাকে সদস্য সচিব করে ৯৯ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। এছাড়া তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নাম ঘোষণা করা হয়েছে।
এ ঘোষণার পর বিএনপি নেতা কর্মীদের পক্ষ থেকে তাদের গলায় ফুলের মালা পরানো হয়। এছাড়া বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, এ আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে সাবেক এমপি বিএনপির বহিষ্কৃত নেতা শাহ শহীদ সারোয়ার বলেছেন, ‘ফুলপুর-তারাকান্দার পকেট কমিটি প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ’। তবে সাবেক এমপি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এড. আবুল বাসার আকন্দের নাম নিচের দিকে থাকলেও কোন প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।