মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের কৃতি সন্তান উলামা জগতের উজ্জ্বল নক্ষত্র শায়খুল হাদীস আল্লামা মুফিজুদ্দীন আর নেই। তিনি শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন উনার নাতি হাফেজ মাওলানা মুফতী সাঈদ বিন ইমরান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আল্লামা মুফিজুদ্দীন ময়মনসিংহের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদীস ও নাজিমে তালীমাত ছিলেন। এরপর তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাবোতে অবস্থিত মাশরিকী জুট মিলস জামে মসজিদের ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেন। এরপর ময়মনসিংহের ঢাকা বাইপাস সংলগ্ন শিকারীকান্দা মাদরাসায় তিনি শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করেন। আলহামদুলিল্লাহ, মাশরিকী মাদরাসায় শিক্ষকতার সুবাদে হুজুরের সুহবত পেয়েছিলাম। আমার জানা মতে, হুজুর একজন আল্লাহর ওলী ছিলেন। উনার জীবনে ক্লাসে তিনি কখনো দ্বিতীয় হননি। কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়াতে পড়েছেন। এছাড়া তিনি করাচি নিউ টাউনে আল্লামা ইউসুফ বিন্নূরী (রহ)-এর নিকট হাদীস পড়েছেন। উনার গ্রামের বাড়ি গফরগাঁওয়ের রসূলপুরে আর ময়মনসিংহের দিগারকান্দা সংলগ্ন শান্তি নগরে উনার নিজস্ব বাসা রয়েছে। উনার ছেলেরা সবাই হাফেজ আলেম। নাতিরাও সবাই হাফেজ আলেম ও মুফতী। ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন দামাত বারাকাতুহুম উনার বিয়াই। আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতে সর্বোচ্চ মাক্বাম দান করুক।
উনার নামাজে জানাজা খানকা মাদরাসা প্রাঙ্গণে রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।