মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গ্রামের শিশুদের সাথে দাঁড়িয়ে ছবি তুললেন বিশ্বসেরা বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইশড রিসার্চ প্রফেসর ড. সাইদুর রহমান।
সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উনার প্রোগ্রাম রয়েছে। এসব প্রোগ্রামে যোগদান করবেন তিনি। এ উপলক্ষে উনার দেশে আসা হয়। এসব প্রোগ্রামে যোগদানের আগে প্রিয় মা-বাবাকে এক নজর দেখার জন্য উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে যান তিনি। গ্রামে যাওয়ার সময় পথে ফুলপুর মার্কাজ মসজিদ পরিদর্শন করেন বিজ্ঞানী সাইদুর রহমান। মার্কাজ মসজিদ পরিদর্শনশেষে তিনি উনার গ্রামের বাড়ি গিয়ে উনার আব্বা আম্মার সাথে দেখা করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
চরনিয়ামত গ্রামের কৃতি সন্তান বিশ্বসেরা বিজ্ঞানী গ্রামে গেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে আবাল বৃদ্ধ বণিতা সবাই আসেন তার সাথে একটু দেখা করতে। এসময় অনেক শিশু এসে জমা হয় বিজ্ঞানীর গ্রামের বাড়িতে। বিজ্ঞানীকে কাছে পেয়ে যেমন খুশি হয়েছে শিশুরা তেমনই খুশি হয়েছেন বিজ্ঞানী নিজেও। শিশুদের সাথে বেশ কিছু সময় কাটান তিনি। এসময় শিশুদের মাঝে চিপসের প্যাকেট বিতরণ করেন বিজ্ঞানী। বিশ্বসেরা বিজ্ঞানীর হাত থেকে চিপসের প্যাকেট পেয়ে শিশুরা কী যে খুশি হয়েছে তা বুঝানো যাবে না! আজকের এ ছবি এসব শিশুদের জন্য স্মৃতি হয়ে থাকবে বহুকাল।