মো: আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় চিনি ও জিরাসহ জিল্লুর রহমান হৃদয় (২২) ও রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মাসুদ রানা (২৫)কে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকালে পৌরসভার আমুয়াকান্দা বাজারের গরুহাটা এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়। হৃদয় আমুয়াকান্দার কৃষক কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আনোয়ার হোসেনের পুত্র। এছাড়া তারা দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বা সমন্বয়ক বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পেয়েছে। এদিকে, ফুলপুর উপজেলা ছাত্র আন্দোলন নেতা লাবিব নাহাদী রাহাত জানিয়েছেন, ফুলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বা সমন্বয়ক বলতে কেউ নেই।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন তারাকান্দা অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইব্রাহিম। সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে আমুয়াকান্দা বাজারের পয়ারী রোড থেকে আসামিদের আটক করা হয়। এসময় আমুয়াকান্দা গরুহাটা এলাকার একটি গুদাম থেকে আসামিদের মজুদকৃত ১২৭ বস্তা ভারতীয় অবৈধ চিনি, ১৬ বস্তা জিরা, ১টি সেলাই মেশিন, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা পাওয়া যায়। পরে তাদের নিকট এসব মালামালের বৈধ কাগজপত্র চাইলে দেখাতে না পারায় তাদেরকে আটক ও মালামাল জব্দ করা হয়। পরে এসব মালামাল ও আসামিদেরকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মালামাল ও আসামিরা ফুলপুর থানা হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার আসামিদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।