মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ডাবল মার্ডার মামলার আসামি আকলিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মাঠখলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়েছিল। সে কারাগারে আছে।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত বছর ২০ জুলাই কৌশলে নিজের ঔরসজাত দুই কন্যা সুরাইয়া (১১) ও সুমাইয়া (৯)-কে ওষুধ খাওয়ায়ে হত্যা করে সোহাগ। প্রথমে তাদেরকে এক ধরনের ওষুধ খাওয়ায়। পরে কন্যা দুজন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। একজন ফুলপুর হাসপাতালে নেওয়ার পথে ও অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় তাদের মা নাজমা খাতুন স্বামী সোহাগ ও তার পরকীয়া প্রেমিকা আকলিমা খাতুনের নামে মামলা দায়ের করেন। সোহাগ উপজেলার বওলা এলাকার মৃত হরমুজ আলীর পুত্র।
সোহাগ ঔটি গ্রামের জৈনউদ্দিনের মেয়ে নাজমা খাতুনকে বিয়ে করেছিল। এক যুগ ঘরসংসার করার পর তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান ছিল। ঘটনার কিছুদিন আগে স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে সোহাগের ঝগড়া হয়। পরে এ ঘটনায় নাজমা খাতুন বাদী হয়ে স্বামী সোহাগ মিয়া ও তার পরকীয়া প্রেমিকা আকলিমা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকলিমাকে আইনী প্রক্রিয়া শেষে আজ বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।