মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন ও হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ-জামান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সোয়া তিনটায় উপজেলার কাকনী ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কৃষক মুজিবুর রহমানের বাড়ির সামনে খোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে একটি হেলিকপ্টারে এসে তিনি অবতরণ করেন ও এসব কর্মসূচিতে অংশ নেন। এর আগে থেকে ওই এলাকায় ১৯ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শীতকালীন প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।

সরেজমিন এসে এ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহড়ায় দেখানো হয়, শত্রু বাহিনী একটি এলাকায় আক্রমণ করে। পরে প্রাণপন যুদ্ধ করে শত্রু বাহিনীকে পরাজিত করে দেশ রক্ষা করেন সেনাবাহিনীর জোয়ানরা।
এর আগে সেনাবাহিনী প্রধান কাকনী-শিমুলিয়া এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়। সেনাপ্রধানের হাত থেকে শীতবস্ত্র পেয়ে ব্যাপক খুশি হয়েছেন এবং সেনাপ্রধানকে ধন্যবাদ জানান তারা।

সেনাবাহিনী প্রধান তারাকান্দায় আসছেন এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারাকান্দা ও ফুলপুরসহ আশপাশ এলাকার হাজারো নারী-পুরুষ সেখানে এসে ভীড় করেন। প্রতিবন্ধী সুরুজ ও কাতুলী গ্রামের প্যারালাইজড সেনাসদস্য শাকিলসহ অনেককেই ওখানে উপস্থিত হতে দেখা গেছে।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। এসময় সেনাপ্রধানের সফরসঙ্গী মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল হক, লেফটেন্যান্ট কর্নেল আশিকুল হক, ক্যাপ্টেন সাদাত মো. শাহরিয়ার শামীম শোভন প্রমুখ।

ও তারাকান্দায় হেলি প্যাড গ্রাউন্ডে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাশীহুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মালেক হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্ণেল জিএস কমান্ডার মোহাম্মদ আলামিন কবির, সেনাবাহিনী সদর দপ্তরের মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের সামরিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহড়াশেষে সেনাবাহিনী প্রধান শিমুলিয়া মোড়লবাড়ি জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজশেষে মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম সেনাপ্রধানের নিকট তাদের মসজিদটি সংস্কারের দাবি জানালে সঙ্গে সঙ্গে তিনি তা মঞ্জুর করেন এবং বলেন, এটা তো এভাবে করা যাবে না। ভেঙে নতুন করে করতে হবে। পরে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম ও মুসল্লীরা এতে একমত পোষণ করেন। এরপর সেনাপ্রধান সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে তাৎক্ষণিকভাবে মসজিদটি সুন্দর করে করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট সেনাকর্মকর্তা ইমাম মাওলানা সাইদুল ইসলাম ও কমিটিকে শীঘ্রই মসজিদটি করে দেওয়ার জন্য আশ্বাস দেন। এসময় সাংবাদিক নাজিম উদ্দিন, মো. আব্দুল মান্নান, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী হাজী ইয়াসীন, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মাস্টার কামাল, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।