নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে ১লা জানুয়ারি ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের দিন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতির মার্কেটে হামলা, দোকান পাট বাসাবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ২ জানুয়ারি ছাত্রদল নেতা রুবেল, মিঠুন, আরিফদের নেতৃত্বে তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্যে তারা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সাবেক মেয়র উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল হক ও ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রুকনুজ্জামান রুকনকে দায়ী করে তাদের বিরুদ্ধে বিচার দাবি করা হয়েছে। এরপর ৩ জানুয়ারি সাবেক এমপি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দের নেতৃত্বাধীন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পর তারাও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের বাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিছিল চলাকালীন অনুপ্রবেশে দুষ্কৃতিকারীদের হাতে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মতি’র মার্কেটে এবং বিএনপি নেতা রুকনুজ্জামান রুকন চেয়ারম্যানের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। ওই হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ফুলপুর পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, বিএনপি নেতা ওয়াজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।