রফিক বিশ্বাস :
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার গাছতলা নামক স্থানে একটি অজ্ঞাত ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষ হলে স্বামী-স্ত্রীসহ সিএনজিতে থাকা চার যাত্রী নিহত হন। দুইজন ঘটনাস্থলে আর ৪ জনকে হাসপাতালে নিলে সেখানে দুইজন মারা যান। আহত বাকি দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার বহাদুরপুর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার (১৮), নেত্রকোনা সাতপুরিকান্দা গ্রামের আঃ রাশিদ (৪৫) ও তার স্ত্রী বকুল আক্তার (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী।
পুলিশ জানায়, উনারা ময়মনসিংহ থেকে ভাড়া করা একটি সিএনজিযোগে নেত্রকোনা যাচ্ছিলেন। পরে পথে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন আর দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনার পর পর ট্রাকটি পালিয়ে যায়।
এ ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার করেন। এসময় সিএনজিটি জব্দ করা হয়। এ ব্যাপারে তারাকান্দা থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।