মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ধানক্ষেত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর মোড়ল বাড়ির পশ্চিম পাশে নাহিদ ব্রিকস্ ফিল্ডের আনুমানিক ৩০০ মিটার পশ্চিমে মোশারফ হোসেনের ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা ওই কঙ্কালটি উদ্ধার করা হয়।
জানা যায়, পথচারীদের নাকে দুর্গন্ধ লাগলে তারা কঙ্কালটির সন্ধান পায়। পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, সিআইডি ও পিবিআই -এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ওই কঙ্কালের লিঙ্গ ও পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। এরপর লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।