মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রূপসী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান কামু বলেছেন, ‘সাধারণ মানুষের নাগরিক ভোগান্তিগুলো দূর করতে চাই। আপনারা সহযোগিতা করলে আমরা তা করতে পারবো।’ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রূপসী ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রথম কার্যদিবসে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সেখানে পৌঁছার পর বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, রূপসী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এসময় তিনি বলেন, আপনারা আমাকে যেভাবে গ্রহণ করলেন মনে হচ্ছে আমি এখানে সুন্দরভাবে কাজ করতে পারবো। আমার কাজে কোন বাধা থাকবে না।

আপনারা জানেন, আমি একটি সরকারি জব করি। আমার উপরে একজন কর্মকর্তা আছেন। উনার কাছে আমার জবাবদিহি করতে হয়। আজ যেখানে আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে যোগদান করলাম, এ জায়গাটা অনেক বড়, এখানে অনেক মানুষ। আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। সে কথা মাথায় রেখেই আমি কাজ করছি।
আমাকে এখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করতে নিজেকে উজাড় করে দিতে চাই। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা থাকলে আমার পরিচয় আপনারা পাবেন। ইনশাআল্লাহ কাজেই হবে পরিচয়। আশা করি আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।
প্রিয় উপস্থিতি, আপনারা জানেন, আমি কৃষি সম্প্রসারণ অফিসার। মাঠে ঘাটে কাজ করে আমার অভ্যাস আছে। এর আগেও আমি এই রূপসী ইউনিয়নে আমি কাজ করেছি। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের নিয়ে মিটিং করেছি। সার, বীজ দিয়েছি। তাদের পাশে ছিলাম। ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবো। আপনারা রূপসী ইউনিয়নের মানুষ, সবাই ভালো মানুষ। রূপসী শব্দের অর্থই সুন্দর। রূপসীর অর্থের প্রতি লক্ষ্য রেখে এ ইউনিয়নের মানুষ তাদের সেই সুন্দর হৃদয়ের পরিচয় দিবেন। আজকের দিনে এমনটাই প্রত্যাশা করছি। আমি আমার সর্বোচ্চটা দিয়েই আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।