মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রাইভেট কারে করে ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার কুইড়ার ব্রিজের উপর এসআই মোফাখখির ও এসআই সবুজ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেক পোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় ৮০ বোতল মদ জব্দ করা হয়। একই সাথে কারটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. শাকিল মিয়া (২০), মো. মুছা মিয়া (২৫), বায়েজিদ ওরফে দয়াল (২২) ও মো. সুজন মিয়া (২৫)।
শাকিল শেরপুরের শ্রীবর্দী উপজেলার ঢনঢনিয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। মুছা পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বরাক গ্রামের নূর হোসেনের পুত্র আর বায়েজিদও একই গ্রামের আব্দুল হাই মন্ডলের পুত্র। এছাড়া দয়াল ধোবাউড়া উপজেলার মেকিয়ারকান্দা গ্রামের সুরুজ আলীর পুত্র।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ৪ আসামির বিরুদ্ধে ফুলপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৬, তারিখ ২২ নভেম্বর) করা হয়েছে। এরপর আজ বেলা আড়াইটার দিকে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।