মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ছনকান্দা বাজার থেকে সাবেক এমপি হায়াতোর রহমান খান বেলালের বাড়ি, মফিজের বাড়ি ও মিনি স্টেডিয়াম হয়ে কুইড়ার ব্রিজ পর্যন্ত ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে যুক্ত হওয়া (১ কিলোমিটার ব্যতীত) পাকা সড়কটি ভেঙে গেছে। এই সড়কটি সংস্কার করা এখন সময়ের দাবি। সড়কটি কুইড়ার ব্রিজ ও মিনি স্টেডিয়ামের সাইডে ১ কিলোমিটার ব্যতীত সবটুকু পাকাকরণ করা হয়েছিল। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণে অল্প দিনেই উহা ভেঙে গেছে। বর্তমানে ওই সড়কটি পরিদর্শনে গেলে দেখে মনে হবে না যে, এটি একটি পাকা সড়ক ছিল। সড়কের পিচ, ইট, সুরকি সরে গিয়ে মাটি বের হয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। ওই সড়কে চলাচলকারী নাগরিকরা দুর্ভোগের শিকার।

সাবেক মেয়র মি. শশধর সেন বাৎসরিক বাজেট ঘোষণার সময় সাংবাদিক সম্মেলন করে যে কয়টি কাজ করার ঘোষণা দিয়েছিলেন এর মধ্যে এই সড়কটি ছিল অন্যতম। এছাড়াও ড্রেন ও অন্যান্য উন্নয়ন কাজের কথা বলছিলেন তিনি কিন্তু তার মেয়াদ প্রায় শেষ হয়ে আসলেও দৃশ্যমান কোন উন্নয়নের ছাপ তিনি রেখে যেতে পারেননি।

বুধবার ওই সড়কটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, আজও ওই সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। সম্প্রতি এমপির বাড়ির উত্তরে একটি কালভার্ট করা হলেও এর সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়নি। এছাড়া অন্যান্য কাজও না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি যাতে দ্রুত সড়কটি সংস্কার করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক এ প্রতিবেদককে বলেন, সড়কটির কাজ শিগগিরই ধরা হবে। এমনকি এ অর্থ বছরেই ধরা হবে।