মো. আব্দুল মান্নান :
এবতেদায়ী ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা সরকারিকরণ ও শিক্ষকদের নানা বৈষম্য দূরীকরণের দাবিতে ময়মনসিংহে শিক্ষক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখা এর আয়োজন করে। ময়মনসিংহ জেলা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে এবতেদায়ী ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলো অনতিবিলম্বে সরকারিকরণ করাসহ শিক্ষকদের গ্রেড ও বেতন বৈষম্যসহ সৃষ্ট সকল বৈষম্য নিরসন ও দূরীকরণের জন্য সরকারের নিকট দাবি জানান।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলার শিক্ষিকা ও শিক্ষক নেতৃবৃন্দসহ ময়মনসিংহ জেলা শিক্ষক পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মুঞ্জুরুল হক হাসান, সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল হক, ট্রেজারার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, প্রভাষক কবি শাহজাদা রিদওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।