মো. আব্দুল মান্নান :
বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত বাছাইকৃত কৃতি হাফেজদের পুরস্কৃত করা হয়েছে। হুফফাজুল কুরআন ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে আমাদের ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান ২০১৪ সনে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ ওলীউল্লাহ বিন মুজিবসহ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ৫০ জন কৃতি হাফেজ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৮০ জন মোট ১৩০ জন হাফেজকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বৃদ্ধি করনেওয়ালা এসব সোনার সন্তানদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড আ ফ ম খালিদ হোসাইন। হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর নায়েবে আমীর আল্লামা তাজুল ইসলামের সভাপতিত্বে ও হুফফাজুল কুরআন ডেভেলপমেন্ট ট্রাস্টের সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, হেফাজত নেতা মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী প্রমুখ।
বাঙালি জাতির গর্বের ধন এসব কৃতি সন্তানদের বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।