মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) ওই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়।

এ সময় ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক নেতৃত্ব দেন।

উনার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ -এর আওতায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।