
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইকরামুল হক (২১) নামে অনলাইনে গেমস খেলনেওয়ালা এক যুবকের ফাঁসিতে ঝুলে মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে বাড়ির পাশে বাঁশঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল হাদিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরপর পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইকরামুল উপজেলার ফুলপুর সদর ইউনিয়নের বাতিকুড়া গ্রামের আব্দুল কাদির সরকারের ছেলে। এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, ইকরামুল বছর খানেক আগে বিয়ে করেছিল। তার ভাইয়ের বাসস্ট্যান্ডে একটি দোকান আছে। ওই দোকানে সে মাঝে মাঝে বসতো। এছাড়া সে মোবাইলে অনলাইনে গেমস খেলতো। তবে প্রকৃতপক্ষে সে কি কারণে ফাঁসিতে ঝুলছিল তা জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, তার মনে কি ছিল? কি জন্য সে এ ঘটনা ঘটিয়েছে? এটা সেই ভাল বলতে পারবে। যতটুকু জানা গেছে, সে অনলাইনে গেমস খেলতো। খেলায় হয়তো হেরে হতাশাগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে, ওই হতাশা থেকেই হয়তো এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এখনই তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তদন্ত চলমান।
জানা যায়, তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।