মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ গেট পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শামছুল হক জোয়ারদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা, মহিলা উদ্যোক্তা নীতি চাকলাদার, ছাত্র সমন্বয়ক লাবিব নাহাদী রাহাত, সোহাগ হাসান রানা প্রমুখ।
সবশেষে দুইজন উদ্যোক্তাকে দুই লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক বিতরণ ও ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে জনপ্রতি ৬০০ টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী দেশ গড়তে শপথ বাক্য পাঠ করানো হয়।