আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
মাটিতে মিশে গেছে কৃষকের স্বপ্ন, সাহায্যের হাত বাড়ালেন ইউএনও
প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৪
মো: আব্দুল মান্নান :
সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মাটিতে মিশে গেছে কৃষকের স্বপ্ন। কৃষি নির্ভর এ এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, দৈনন্দিন বাজার খরচ, বিয়ে শাদীর খরচ সবই চলে কৃষিজ ফসল বিক্রি করে।

ঘরবাড়ি নির্মাণ, মেরামত থেকে নিয়ে যত ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে এগুলো সবই বাস্তবায়নের জন্য কৃষকরা স্বপ্ন দেখেন কৃষির ওপর তাকিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এবার বন্যায় তাদের সেই স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার কৃষকদের ৩ হাজার ৮৯২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য অফিস থেকে জানা যায়, ১৫৫০ হেক্টর পরিমাণ জমির পুকুর ডুবে গেছে। প্রাণী সম্পদ কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, বন্যায় ৩৯০০ টি হাঁস ও ৩২০০ মুরগী ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গরু-ছাগলও।

জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ৭২টি লেট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আধাপাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে ২০টি, আংশিক ২২০টি, সম্পূর্ণ কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি ও আংশিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০টি। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, এবারের বন্যায় উপজেলার ছনধরা টু গোড়দ্বার রাস্তা, ফুলপুর টু ডেফুলিয়া রাস্তা ও সঞ্চুর টু কুটুরাকান্দা রাস্তাসহ প্রায় ১৩ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও বিভিন্নভাবে উপজেলার নিম্নাঞ্চলের মানুষ এবার সর্বমোট আনুমানিক ১০০ কোটি ৬৮ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এমন এক দুঃসময়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন সদ্য যোগদানকৃত ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। আজ শনিবার (২৬ অক্টোবর) এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। এলাকা পরিদর্শনে গিয়ে সবকিছু দেখে ব্যথিত হন নতুন ইউএনও। পরে সঙ্গে করে নিয়ে যাওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানিয়ে তাদের জন্য সরকারিভাবে কিছু করবেন বলে আশ্বাস দেন।
এসময় উনার সাথে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.