আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
নওগাঁয় সাংবাদিক শহিদুলের উপর আক্রমণকারী আটক ১
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৪
অনলাইন ডেস্ক :
সহকর্মী বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির আহ্বায়ক কমিটির সদস্য নওগাঁর সাংবাদিক শহিদুল ইসলামের উপর অন্যায়ভাবে আক্রমণকারী এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শহিদুলের ব্যাপারে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)'র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ভাই। তিনি বলেন,
'নওগাঁর সাংবাদিক শহীদুল ইসলাম আমার সন্তানতুল্য, ভাই, ছাত্র, কর্মী, ভক্ত, সবকিছু। ছিল দৈনিক দেশবাংলার সঙ্গে। এখন বার্তা২৪ এর জেলা প্রতিনিধি। আগাগোড়া সততায় মোড়া শহীদুল বরাবরই আপোষহীন। তার অনুসন্ধানে সত্যতা মিললে সে প্রতিবেদন বন্ধের সাধ্য নেই কারোর।

ঠিক শহিদুলের আদলে অভিন্ন নীতি, আদর্শ, অদম্য সাহস আর সত্য প্রকাশের আপোসহীন চরিত্র নিয়ে গড়ে ওঠেছে কিশোরগঞ্জ কটিয়াদীর নাঈম, সিরাজগঞ্জের চয়ন, মধুপুরের এডওয়ার্ড মাংসাং, বরগুনার নিয়াজ, কাপাসিয়ার মাহবুর, নেত্রকোনার সাগর, মানিকগঞ্জের সাইফুল, সাভারের কামরুজ্জামান, উল্লাপাড়ার সেলিম, ভোলার ইয়ামিন, খুলনা কয়রার আবিরসহ বিশ/বাইশ জনের গ্রুপ। তাদের ইচ্ছাশক্তি আর মেধার জোরেই একেকজন প্রতিষ্ঠিত হওয়ার সিঁড়িতে পৌঁছে গেছে। সেখানে আমার কোনো অবদান আছে বলে আমি মনে করি না। তবে কঠোর আদব-শৃংখলা রক্ষাসহ টিমবদ্ধ কাজের প্রক্রিয়া তারা আমার কাছ থেকেই রপ্ত করেছে।
তারা প্রত্যেকেই যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসার মাধ্যমে সেটুকুর কৃতজ্ঞতা প্রকাশে মোটেও ভুল করতো না। তারুণ্যদীপ্ত এ টিমের সদস্যরা একত্রিত হলেই উচ্ছ্বাস আনন্দে মাতোয়ারা হয়ে উঠতো। গেল ১৮-১৯ অক্টোবর ঢাকার দোহারের মৈনট ঘাটে আয়োজিত সাংবাদিকদের মিলনমেলাতেও দারুণ আনন্দে ছিল শহীদুল। দূর্বৃত্তদের বেপরোয়া হামলায় গুরুতর আহত অবস্থায়ও সে ডাক্তারকে পটিয়ে রিলিজ অর্ডার বাগিয়ে নেয়। পরক্ষণেই হাসপাতাল ছেড়ে সোজা স্টেশনে এবং ট্রেনে চেপে ঢাকা পৌঁছেছিল। আহত শহীদুল অসুস্থ অবস্থাতেই নওগাঁ ফিরে। মওকা পেয়ে বর্বর দুর্বৃত্তরা আবার ঝাপিয়ে পড়ে তার উপর। চেষ্টা চালায় তার জীবননাশের।
একপর্যায়ে লোকজন মৃতপ্রায় শহিদুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাণোচ্ছল শহিদুলের নীরব নিথর দেহখানা পড়ে আছে হাসপাতাল শয্যায়। কয়েক ঘণ্টা পর পর জ্ঞান ফিরলেও কয়েক মিনিটেই আবার সম্বিত হারিয়ে ফেলছে সে।
সাংবাদিক নির্যাতন বিরোধী সংগঠন বিএসসি'র নেতৃবৃন্দ ঢাকা থেকেই নওগাঁর পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন।
মঙ্গলবার দিবাগত রাত তিনটায় পুলিশ কর্মকর্তারা জানালেন, থানা পুলিশ ও ডিবির ছয়টি টিম অভিযানে নেমেছে। এরইমধ্যে হামলাকারী পলাশ নামে এক দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিপুর গ্রামের উকিল মিয়ার ছেলে। নাহিদসহ আসামিরা অনেকে পলাতক। তাদের বাড়ি বাড়ি চলছে তল্লাশি। মিলনমেলায় এসে শহীদুল যে আত্মকথা লিখেছিল, বারবার শুধু সেটিই চোখে ভাসছে আমার। সুস্থ অবস্থায়, সংবাদের মাঠে আবারও ফিরে আসো শহীদুল, ফিরে আসো সহস্র শুভাকাঙ্ক্ষীর মাঝে।'
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.