মো. আব্দুল মান্নান :
ফেসবুকে স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী শিশু নাফিউকে ইউএনওর মাধ্যমে হুইল চেয়ার দিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ফুলপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে ওই হুইল চেয়ারটি দেওয়া হয়।

জানা যায়, শারীরিক প্রতিবন্ধী নাফিউ ফুলপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের গোদারিয়া গ্রামের হত দরিদ্র নজরুল ইসলামের পুত্র। সে জন্মগতভাবে চলাফেরায় অক্ষম। এজন্য দীর্ঘদিন ধরে শিশু নাফিউর অভিভাবক তার জন্য একটি হুইল চেয়ারের আবেদন জানিয়ে আসছিল। সম্প্রতি তার দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে বিষয়টি ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের নজরে পড়ে। পরে তিনি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামকে এ বিষয়ে খোঁজ নিতে বলেন। এরপর জেলা প্রশাসকের নির্দেশক্রমে ফুলপুর ইউএনও নাফিউর অভিভাবকের মাধ্যমে তাকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ডেকে এনে চেয়ারটি প্রদান করেন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি অফিসার ফারুক আহম্মেদ ও ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।