মো. আব্দুল মান্নান :
ভারতে এক পুরোহিত নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করায় ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১টার দিকে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে গোল চত্বর হয়ে গ্রীন রোড দিয়ে পুনরায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পাইলট স্কুলের শিক্ষার্থী রবিনের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে স্কুলের সাবেক শিক্ষার্থীসহ ফুলপুর ক্লিন সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক লাবীব নাহাদী রাহাত, আকাশ, মোবাশ্বির, সাবজাল, উমর, রামিম প্রমুখ বক্তব্য দেন। অপরদিকে, এই একই কারণে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর বিভিন্ন রোডে বিক্ষোভ মিছিল করে।

মিছিলশেষে বক্তব্যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মাধ্যমে ভারত সরকারের নিকট এ ঘটনায় দায়ী পুরোহিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।