মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে স্পোর্টস একাডেমি (ব্যাডমিন্টন ইনডোর)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফুলপুর পৌরসভার গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এই একাডেমির শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার নতুন ওসি মো. আব্দুল হাদি ও জেলা ক্রীড়া অফিসার আল আমিন। সহকারী কমিশনার (ভূমি) ও জেলা ক্রীড়া অফিসার বনাম ওসি ও মাদরাসা শিক্ষক নাহিদুজ্জামান খানের মাঝে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়।

ফুলপুরের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় জাহিদ (রাহুল) -এর নেতৃত্বে বুলবুল আহমেদ, হৃদয়, সৈকত, শামীম, রিয়াদ, তমাল, মুকুল, রতন, সোহাগ ও সুমন এ স্পোর্টস একাডেমিকে প্রাতিষ্ঠানিক রূপদানে উদ্যোগ নেন। এখানে জুনিয়র ব্যাচ, সিনিয়র ব্যাচ ও যুব ব্যাচ নামে মোট তিনটি ব্যাচ খেলাধুলা করতে পারবেন। সন্ধ্যার পর খেলা শুরু হবে। যুব সমাজকে মাদক ও জুয়াবিমুখ করার লক্ষ্যে এ একাডেমির যাত্রা শুরু করা হয়েছে বলে জানান আয়োজকরা। এতে ময়মনসিংহ থেকে ইনস্ট্রাক্টর এনে ব্যাডমিন্টন খেলা শিখাতে খেলোয়াড়দের ভর্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শরীর চর্চার এই প্রতিষ্ঠানটি দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন, শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক শাহ হুমায়ুন কবির, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমিন, সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত, রেফারি রহম আলী শিকদার, সালেহ আহম্মেদ, জেলা থেকে আগত পুরস্কার প্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় সাকিব, জামিল প্রমুখ।