মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা শেখ হাসিনা সরকারকে হটিয়েছি। এখন আর নতুন কোন ইসলাম বিদ্বেষী লোককে বাংলার ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে এক জনাকীর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমান ছাড়া এদেশে সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমরা দেশের প্রশ্নে ক্ষমতার প্রশ্নে ইসলামের প্রশ্নে কারো সাথে আপোস করতে প্রস্তুত নই। ইসলাম বাদ দিয়ে যদি কোন হিন্দুত্ববাদী আইন চাপিয়ে দেওয়া হয়, তবে সেটাকে প্রতিহত করতেও আমরা প্রস্তুত।

শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি লম্বা বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ চালু করলে মেনে নেওয়া হবে না। শিক্ষা কমিশন সংস্কার করতে হবে। কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন চলবে না।
নাস্তিক মুরতাদদের শিক্ষা কমিশন থেকে সরাতে হবে। সমকামিতা যৌনতা উৎখাত করতে হবে। শিক্ষা কমিশনে বিজ্ঞ আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে।
সমাবেশে টপটপ করে দিনব্যাপী পড়া বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নামে।
এর আগে তিনি ফুলপুর হয়ে শেরপুর জামালপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় কয়েকটি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শেরপুর যাওয়ার সময় ফুলপুর সাহাপুর বাজার জামে মসজিদে তিনি যুহরের নামাজ আদায় করে স্থানীয় উলামায়ে কেরামের সাথে সংক্ষিপ্ত কথাবার্তা বলেন।
আল্লামা মামুনুল হকের বক্তব্যে উজ্জীবিত সাধারণ মানুষ। তারা মনে করেন, দীন প্রতিষ্ঠায় এ নেতার বিকল্প নেই। এক প্রশ্নের উত্তরে ফুলপুর গোল চত্বর সংলগ্ন মহসিন মার্কেটের মালিক হাফেজ ইউসুফ বলেন, আল্লামা মামুনুল হককে এগিয়ে নিতে ফুলপুরের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়া উচিৎ।