সেলিম রানা :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নিহত ময়মনসিংহের ফুলপুর উপজেলার দ্বারাকপুর গ্রামের শহীদ মাহিনের পরিবারকে এককালীন ২ লাখ টাকা অনুদান দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দ্বারাকপুর দাখিল মাদরাসা হলরুমে ভাইটকান্দি ইউনিয়ন জামায়াত আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ওই অনুদান প্রদান করা হয়। নিহত মাহিন দ্বারাকপুর গ্রামের গাজী মাহমুদের ছেলে।
নিহত মাহিনের পরিবারের পক্ষে অনুদানের নগদ টাকা গ্রহণ করেন তার পিতা গাজী মাহমুদ। এর আগে ভাইটকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহজাহানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ তোফায়েল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোজাম্মেল হক আকন, ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহাবুর ফরাজি, ফুলপুর উপজেলা শাখার জামায়াতের আমীর সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টার, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, ছনধরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোফাচ্ছেল মোকতাদির (সাজ্জাদ), ৬নং পয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মুরাদ হোসেন মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জামায়াত ঘোষিত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহযোগিতা বা অনুদান দেওয়া হবে। এরই অংশ হিসেবে শহীদ মাহিনের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।