আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষকদের সরকারি করার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হালুয়াঘাট উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারক লিপি পেশ করা হয়।

এতে বক্তব্য রাখেন, পাবিয়াজুরী স্কুলের শিক্ষক, মাওলানা আব্দুল আউয়াল, বাহির শিমুল স্কুলের সহকারী শিক্ষক জহির উদ্দিন, হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।

'এক দফা এক দাবি, জাতীয়করণ প্রধান দাবি' প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, সরকার সরকারি স্কুলকে প্রচুর সুবিধা দিচ্ছে। অথচ আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কেননা, একজন সরকারি স্কুলের শিক্ষক যে সিলেবাস পড়ান আমরাও তাই পড়াই। এমনকি একজন সরকারি স্কুলের শিক্ষক যে সার্টিফিকেট বা যোগ্যতা নিয়ে চাকরি করছেন আমরাও একই যোগ্যতা নিয়ে চাকরি করছি অথচ সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এর বিহিত ব্যবস্থা চাই।
এরপর তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের নিকট একটি স্মারক লিপি পেশ করা হয়। এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, আমরা লক্ষ্য করছি, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। অথচ তারা একই যোগ্যতাসহ একই কার্যক্রম করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান বলেন, আমরা আপনাদের এ স্মারক লিপি মাননীয় শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র শিক্ষা সচিবের নিকট পৌঁছে দিব।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাদরাসা ও স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.