মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মহিলা কামিল মাদরাসা থেকে মিছিলটি শুরু হয়। এরপর কলেজ রোড ও বাসস্ট্যান্ড হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়।

সেখানে গিয়ে ‘এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ চাই’ এরকম স্লোগান দিতে থাকে। এরপর সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক তাদের কথা শোনার জন্য তাদেরকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেকে নেন। বক্তব্যে শিক্ষার্থীরা অধ্যক্ষ কর্তৃক বিভিন্ন মানসিক নির্যাতনের কথা তুলে ধরে অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেনের পদত্যাগ দাবি করেন। এর আগে মঙ্গলবার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ কেলেংকারী, শারীরিক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ এনে বিচারের দাবিতে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষসহ ৪১ জন শিক্ষক শিক্ষিকা ও কর্মচার সশরীরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন।

এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার ও একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের নিকট অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।

আজ শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার উপদেশ দিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, তোমাদের অভিযোগগুলো আমরা শুনলাম। তোমরা আইন নিজের হাতে তুলে নাওনি। প্রশাসনের দ্বারস্থ হয়েছ। এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা নিশ্চিত থাক। তোমাদের অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য অতি সত্তর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া উনার বিরুদ্ধে শিক্ষকদেরও অভিযোগ রয়েছে। তদন্ত কমিটির পক্ষ থেকে এসব রিপোর্ট পেলে আমরা উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।