
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মাঠ পর্যায়ে কাজ শুরু করলো পুলিশ। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর প্রায় এক সপ্তাহ কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে পুলিশ। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে থানা ভবন থেকে বের হয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন তারা।
ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মহড়া দিতে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে উঠলে সেখানে ছাত্র-জনতা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ আতাহার আলী তালুকদার তখন জেলায় অন্য একটি প্রোগ্রামে ছিলেন। মহড়ায় বের হয়ে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন, আমরা আলাদা কেউ নয়। আমরা আপনাদেরই বন্ধু। আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই। পুলিশ জনতা মিলেমিশে থাকতে চাই। সকলে মিলে আমাদের দেশটাকে এগিয়ে নিতে চাই। এ ব্যাপারে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে আমরা আগের মতো একসাথে কাজ করি। এ সময় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ জনতা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ফুলপুর থানা পরিদর্শন করে তাদের সাথে কথা বলেন। এর পরপরই তারা মাঠ পর্যায়ে কাজে বের হন।