মোঃ আব্দুল মান্নান :
প্রায় ১৬ বছর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণায় ময়মনসিংহের ফুলপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এমন খবর ছড়িয়ে পড়লে যেন ‘দেশ স্বাধীন হয়েছে’ এমন আনন্দের ঢেউ বয়ে যায় পুরা ফুলপুরজুড়ে।

আনন্দে মাতোয়ারা হয়ে যান সর্বস্তরের মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে ছুটে আসেন আন্দোলনকারী শিক্ষার্থী, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও হেফাজতসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। তারা দলে দলে আনন্দ মিছিলে যোগ দেন। মিছিলটি বাসস্ট্যান্ড থেকে আমুয়াকান্দা বাজার এলাকায় ও সেখান থেকে ফিরে উপজেলা পরিষদের গেট পর্যন্ত যায়। আবার গোল চত্বরে আসে। এরপর মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ ভবন থেকে আমুয়াকান্দা বাজার পর্যন্ত হাজারো জনতায় একাকার হয়ে যায়। এক পর্যায়ে কিছু অতি উৎসাহী মানুষ উপজেলা আওয়ামী লীগ অফিস, উপজেলা ছাত্রলীগের অফিস, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের বাসভবন, তার ব্যবসা প্রতিষ্ঠান, মেয়র মি. শশধর সেনের বাসভবন, ফুলপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ব্যবসায়ী সাইফুল ইসলামের ‘ভিশন শো রুম’ ইত্যাদি ভাঙচুর করে। ভাঙচুরের পর এগুলোতে অগ্নিসংযোগ করা হয়। তবে কে বা কারা এগুলো করেছে তা জানা যায়নি।
সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে বলা হয়, ৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় ফুলপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। ফুলপুর গোল চত্বর থেকে ওই মিছিল শুরু হবে। এতে আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।