
মোঃ আব্দুল মান্নান :
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এর যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এতে যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের ফুলপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। তিনি বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ১ হাজার কোটি টাকার সম্পদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে প্রায় প্রতিটি ডিপার্টমেন্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আগে নাগরিকের অধিকার সংরক্ষণ করতে হবে। ‘তোমরা যখন কোন অন্যায় সংগঠিত হতে দেখবে তখন পারলে তা হাত দ্বারা বন্ধ করে দাও। তা না পারলে মুখে বাধা দিবে। তা না পারলে মনে মনে ঘৃণা করবে।’ এ হাদীসের যাতে অপব্যাখ্যা না করা হয়। এ ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বলেন, আমরা শান্তি চাই। সকলে মিলে ভাল থাকতে চাই। চলমান পরিস্থিতিতে যারা মারা গেছেন রাষ্ট্রের পক্ষ থেকে এসময় তাদের জন্য দোয়া চাওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, সঠিক মেসেজটা সঠিকভাবে পৌঁছালে সমস্যা হয় না। বাচ্চারা আমাদের দেখে ‘ভূয়া ভূয়া’ বলছিল। এতে আমরা কিন্তু রাগ করিনি। কার সাথে রাগ করবো? কাকে আঘাত করবো? সবগুলো বাচ্চাই তো আমাদের ফুলপুরের। ওসি আরও বলেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। মুসল্লিদের নিকট সঠিক মেসেজটা পৌঁছালে আশা করি আর সমস্যা হবে না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপরাধে যারা জড়িত না তাদের জড়ানোর মত প্রবৃত্তি আমাদের নেই। এসময় আরও বক্তব্য রাখেন, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেরাজুল হক, শেরপুর রোড মোড় বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান, ঠাকুর বাখাই বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম, চরনিয়ামত শাহী জামে মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিন, বহরকোনা জামে মসজিদের ইমাম হাফেজ রহমতুল্লাহ প্রমুখ। ইমামদের নিয়ে যেভাবে মতবিনিময় করা হয়েছে অভিভাবক ও ইয়াংদের নিয়েও এভাবে মতবিনিময় করার জন্য পরামর্শ দেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান। এসময় উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, সাধারণ মডেল কেয়ার টেকার ক্বারী ফজলুল হক, আল আমিন ইসলাম, শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।