মোঃ আব্দুল মান্নান :
কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দিয়ে গুলি খেয়ে শহীদ হলেন রংপুরের আবু সাঈদ। এ বিষয়ে ফেইসবুক থেকে একটি স্ট্যাটাস নিম্নে তুলে ধরা হলো :
হে সম্মানিত আবু সাঈদ, আসসালামু আলাইকুম।
প্রিয় ভাই আমার, কি বলে ডাকিবো আপনায়? বীর, মহাবীর, শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান? আজকের এই দিনে নুরুদ্দিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়লেও বাস্তবে কোন দিন দেখা হয়নি। যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে আপনি পরাজিত করলেন এমন ঘটনা বিরল! ধর্মীয় পুস্তকে পড়েছি কিন্তু ২০২৪ সালের ১৬ জুলাই বাংলার মাটিতে বসে দেখলাম। যে ইতিহাস আপনি তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে।
আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহর দরবারে কি জবাব দেবো? আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন।
আপনার রক্ত, আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নুর হয়ে থাকবে। হে আল্লাহ! আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। আবু সাঈদের বিদেহী আত্মাকে জান্নাতবাসী করুন।
* অনলাইন থেকে নেওয়া।