নিজস্ব প্রতিবেদক :
কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহাবুবুল হক।
টিকটক ও শর্ট ভিডিও করে সম্প্রতি ইউটিউবে জনপ্রিয় হয়ে ওঠেন হালুয়াঘাটের কালিয়ানিকান্দা গ্রামের ইসমাইল হোসেন (৩৫)। অভিযোগ উঠেছে সম্প্রতি ইসমাইল তার পাশের গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতন করে আসছে। মঙ্গলবার সকালে অভিযোগের ভিত্তিতে পশ্চিম কায়লানীকান্দা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে উপপরির্দশক সাইদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ।
জানা গেছে, প্রায় ৫-৬ মাস ধরে কিশোরীকে ধর্ষণ করে আসছে ইসমাইল। সবশেষ গত ৬ জুলাই রাতে নিজ বসতঘরে ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী কিশোরী। এই কিশোরী বিয়ের কথা বললে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় ইসমাইল। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
কিশোরীর মা সাংবাদিকদের জানান, জীবিকার তাগিতে প্রতিবেশীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন তারা। এই সুযোগে বিয়ের কথা বলে তার মেয়েকে ধর্ষণ করে ইসমাইল। উপযুক্ত বিচার চান তারা।
তদন্ত কর্মকর্তা উপপরির্দশক (এসআই) সাইদুজ্জামান বলেন, ইসমাইলকে আটক করে থানায় আনা হয়েছে। ইসমাইল কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি করছে, কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি। মামলা প্রক্রিয়াধীন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এক যুবককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
* অনলাইন থেকে নেওয়া।