মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দুই দিন ধরে বৃষ্টি থেমে গেলেও আমুয়াকান্দা বাজার সংলগ্ন শাপলা রোডে দূর হয়নি জলাবদ্ধতা।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, শাপলা রোডে এখনো কোনো কোনো জায়গায় হাঁটু পানি।
এছাড়া আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়, গেদু সরকার বাড়ি এলাকায় ও বিলপাড় রোডসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এসব এলাকার আবাল বৃদ্ধ বণিতা বলতে গেলে কেউই কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না। একান্ত বাজার সওদা ব্যতীত তারা কেউ বের হচ্ছেন না।
শিশুদের স্কুল খোলা থাকলেও যেতে পারছে না তারা। বলতে গেলে গৃহবন্দি অবস্থায় আছেন এসব রোডের বাসিন্দারা। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌর মেয়র মি: শশধর সেনের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী।