মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় ‘কৃষি ব্যাংকে দালালদের দৌরাত্ম’ শিরোনামে নিউজ পাবলিশ করায় দৈনিক মানবজমিন পত্রিকার তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রফিক বিশ্বাসের নিকট চাঁদা দাবি করেছেন কৃষি ব্যাংকের বছির উদ্দিন ওরফে বৈচ্ছা (৫৫) নামে এক দালাল। বুধবার (২৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার গোয়ালার শসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কাঙ্ক্ষিত চাঁদা অনাদায়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
জানা যায়, সিনিয়র সাংবাদিক রফিক বিশ্বাস উপজেলা সদর হতে অটো রিক্সাযোগে গোয়াতলা শসার বাজারে গেলে কৃষি ব্যাংকের কথিত দালাল বছির উদ্দিন ওরফে বৈচ্ছা (৫৫)-এর সাথে দেখা হয়ে যায়। পরে নিউজের কারণে তার আর্থিক বিশাল ক্ষতি হয়ে গেছে উল্লেখ করে তিনি রফিক বিশ্বাসকে অকথ্য ভাষায় গালাগালি করে তার নিকট মোটা অঙ্কের চাদা দাবি করেন। এসময় চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান সাংবাদিক রফিক বিশ্বাস। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ফেইসবুকে দেখেছি কিন্তু লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বছির উদ্দিন বৈচ্ছার মন্তব্য জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তিনি অস্বীকার করেন। এ বিষয়ে তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রফিক বিশ্বাস বলেন, আমার স্বাক্ষী প্রমাণ আছে। আমি আজই তারাকান্দা থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করবো।