আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা মিয়া বাড়ির কৃতি সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার (১৫ জুন) দুপুরে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দলের বিভিন্ন পদে রদবদল আনা হয়েছে। এরই প্রেক্ষিতে পদোন্নতি পেয়ে যুগ্ম মহাসচিব হয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার ফেইসবুক আইডিতে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের বিগত কাউন্সিলে গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কিছু পদে রদবদল, সমন্বয় এবং অন্তর্ভুক্ত করেছেন। আমাকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে যুগ্ম মহাসচিব পদে পদন্নোতি প্রদান করেছেন। নিঃসন্দেহে এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। প্রথমেই আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। তাঁর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মজলুম জননেতা তারেক রহমানের প্রতি, আমার প্রতি আস্থা রাখার জন্য। আমাকে দলের গুরুত্বপূর্ণ, মর্যাদাপুর্ণ যুগ্ম মহাসচিবের পদে অধিষ্ঠিত করেছেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চরম দুঃসময়ে আমাকে যুগ্ম মহাসচিব করা হয়েছে।
আমি মনে করি এটা ময়মনসিংহ বিভাগে আন্দোলন সংগ্রাম, দলের কর্মকাণ্ডে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ এবং আন্তরিকতার স্বীকৃতি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি চেষ্টা করেছি। সীমাবদ্ধতা ছিলো, আছে, থাকবে। তারপরও এগিয়ে যেতে হবে। আমরা একটা চরম কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের যাতাকলে পিষ্ট। নিষ্ঠুর, দমন নিপীড়নে নিষ্পেষিত। এর মধ্যেও আন্দোলন, সংগ্রামে ও দলের কর্ম পরিচালনায় নেতাকর্মীরা সাহসের সাথে কাজ করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি সকলের সহযোগিতা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নতুন ভোরের আলো দেখতে পাবো।
সাংগঠনিক টিমে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ সকলের সাফল্য কামনা করি। তাদেরকেও অভিনন্দন।
আমি আবারো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা আমাকে যে স্নেহ, ভালোবাসা দিয়ে বৃহৎ পরিবেশে কাজ কারার সুযোগ করে দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, সে জন্য কৃতজ্ঞতার শেষ নাই। গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের বিজয়ের লক্ষে সবাই একসাথে কাজ করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, এটাই হোক প্রতিজ্ঞা।'

শনিবার একই সঙ্গে আরও দু’জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। তারা হলেন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ (সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ) ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (প্রচার সম্পাদক)। এছাড়া বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সবমিলিয়ে বিএনপি ৩৯টি পদে রদবদল এনেছে বলে জানা গেছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.