মো. আব্দুল মান্নান :
গণিতের সাবেক শিক্ষক শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি এবার দিবেন হজ্বের খুৎবাহ। সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে এই শায়েখের নাম অনুমোদন দেন। এবার মসজিদে নামিরাহ থেকে হজ্বের মূল খুৎবাহ আরবীতে দেওয়া হবে। তিনি বর্তমানে মাসজিদে হারামাইনের স্থায়ী ইমাম ও খতীব।

জানা যায়, শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সনের ৭ জানুয়ারি মদীনায় জন্মগ্রহণ করেন। নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর মদীনার টিচার্স কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

এরপর ২০০৪ সনে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। তারপর ২০১২ সনে ইমাম সিরাজী (রহ.)-এর লেখা শাফেয়ী মাজহাবের কিতাব তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ-এর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি।

এরপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে উনার কর্মজীবন শুরু হয়। করেছেন গণিতের শিক্ষকতাও।
একটি টিভির সংবাদ মাধ্যমে জানা যায়, ২০০৫-৬ সনে রমজানে মসজিদে নববীতে প্রথমে সহকারী ইমামের দায়িত্ব পান তিনি। তারপরের বছর ২০০৭ সনের রমজান মাসে মাসজিদুল হারামাইনে তারাবীহ ও তাহাজ্জুদের ইমামের জন্য মনোনীত হন তিনি। এরপর ওই বছরই মসজিদুল হারামাইনের স্থায়ী ইমাম ও খতীবের দায়িত্ব দেওয়া হয় তাকে।

জানা যায়, এবার বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও মালয়সহ ১৪টি ভাষায় খুৎবাহ অনুবাদ করা হবে। বাংলায় খুৎবাহ অনুবাদের দায়িত্বে থাকবেন, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ড. খলিলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মমিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।

জানা যায়, উনার পরিবারের সদস্যরা সবাই হাফেজ আলেম। আল্লাহ তায়ালা গণিতের শিক্ষক থেকে উঠে আসা মাসজিদে হারামাইনের ইমাম ও খতীব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি দামাত বারাকাতুহুমকে এবারের হজ্বে সুন্দরভাবে খুৎবাহ দেওয়ার পাশাপাশি উনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক।