মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষ যাতে নিরাপদে থাকতে পারেন বন্য হাতির উপদ্রব হতে রক্ষা পেতে পারেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হালুয়াঘাট-ধোবাউড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমের মাধ্যমে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

রবিবার (৯ জুন) উপজেলার মহিষলেটি এলাকায় বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঘর বাধার টিন বিতরণের সময় বক্তব্য দিতে গিয়ে হালুয়াঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ বক্তব্যে সরকারের নিকট এ আবেদন পেশ করেন। তিনি বলেন, মাসের পর মাস বন্য হাতিরা এ সীমান্তবর্তী এলাকার মানুষের কি ক্ষতি করতেছে তা আপনারা সবাই জানেন। আপনারা ইহাও জানেন যে, আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত সরকারি কোন দান অনুদান পাইনি।

এরপর ক্ষতিগ্রস্ত ভাইবোনদের জন্য আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘর বাধার জন্য কিছু টিন নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আপাততঃ ১ বান্ডিল করে টিন দেওয়া হচ্ছে।
পরবর্তীতে আমরা যখন সরকারি অনুদান পাবো তখন আবারও আমরা তাদেরকে অনুদান দেওয়ার চেষ্টা করবো।
বন্য ও হিংস্র হাতির তাণ্ডব থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে হালুয়াঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সরকারের উচ্চ পর্যায়ে পররাষ্ট্র পর্যায়ে ভারতীয় সরকারের সাথে প্রয়োজনে ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা দরকার।
এছাড়া এসব হাতি যাতে স্বাচ্ছন্দ্যে ঝাড় জঙ্গলে তাদের অভয়ারণ্যে চলে যেতে পারে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি তিনি বিনীত আহ্বান জানান।
তিনি বলেন, এ সীমান্তবর্তী এলাকার মানুষের পক্ষ থেকে হালুয়াঘাট উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসক ও আমাদের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমের নিকট আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তারা যাতে সরকারি বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে এসব আশাহত নির্যাতিত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।
যারা মারা গেছেন তাদের পরিবারকে যাতে ক্ষতি পূরণসহ সকল প্রকার সুবিধা দেওয়া হয়। এছাড়া আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ যাতে নিরাপদে থাকতে পারি বসবাস করতে পারি এর বিহিত ব্যবস্থা করতে আমাদের ১৪৬, ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম সাহেবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত আবেদন জানাচ্ছি।