মো. আব্দুল মান্নান :
দৈনিক বাংলাদেশ নিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে অবশেষে পরিষ্কার করা হলো ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরের ময়লা আবর্জনা।
আজ বুধবার (৫ জুন) সকালে পৌর মেয়র মিঃ শশধর সেনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী আরিফুল ও সুমন এসব ময়লা পরিষ্কার করেন। এর আগে ময়লা আবর্জনার কারণে ‘ফুলপুরে সৌন্দর্য হারাচ্ছে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে ও দৈনিক বাংলাদেশ নিউজে খবর প্রকাশিত হয়। এরপর বাংলাদেশ প্রতিদিনের নিউজটিতে প্রায় দেড় হাজার লাইক পড়ে ও কয়েকশ কমেন্ট করা হয়। এসব কমেন্টে পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি মেয়রের বিরুদ্ধেও অনেকে নিন্দা বাক্য পাবলিশ করেন। অবশেষে আজ সকালে এসব ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এর আগে গভীর রাত দেড়টার দিকে ডাস্টবিনের ময়লা পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ঘটনাস্থলে এসেছিলেন আরিফুল ও সুমন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, এছাড়াও আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ময়লা, ছনকান্দা বাজারে ও পুরাতন ডাকবাংলা রোডে আবাসিক এলাকায়সহ শহরের বিভিন্ন মহল্লায় ময়লার স্তূপ জমে আছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন বলেন, লোকবলের অভাব। লোক পাওয়া যায় না। মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। এ কারণে ময়লা জমেছিল। তবে এখন আর থাকবে না। ওরা নিয়মিত পরিষ্কার করে যাচ্ছে।