
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জমিসংক্রান্ত জেরে সম্বন্ধির হাতে বোনজামাই আলী হোসেন (৭০) খুন হয়েছেন। সোমবার (৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ২য় খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে হারুন অর রশিদ (৩৫) বাদি হয়ে নূরুল হক ও তার ছেলে ফরহাদ (২৫)-এর নামে এবং অজ্ঞাত আরও ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
এরপর মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চংপলাশিয়া ছিলার বাজার এলাকা থেকে মঙ্গলবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মামলার প্রধান আসামি নূরুল হক (৬৫)-কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ জানায়, আলী হোসেনের দখলীয় জমিতে নূরুল হকরা এসে ট্রাক্টর দিয়ে জমি চাষ শুরু করলে বাধা দেন আলী হোসেন। এরপর তারা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে ময়না তদন্তের জন্য তার লাশ মমেক হাসপাতাল মর্গে আছে।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অল্প সময়ের ব্যবধানে আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিকেও খোঁজা হচ্ছে।