মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ফুলপুর নাগরিক কমিটির আহ্বায়ক, ফুলপুর পৌর আওয়ামী লীগের সদস্য, ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি নূর মোহাম্মদ তারাকী বাবুল। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে, সকল বিবাদ দ্বন্দ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুল মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেন এবং পোস্টার ও লিফলেটের মাধ্যমে নাগরিকদের ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান।

এ ব্যাপারে বাবুল বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হতে পারলে বর্তমানে ১নং ক্যাটাগরির পৌরসভার ক্ষেত্রে যে ঘাটতি বা কমতিগুলো আছে এগুলো পূরণ করার পাশাপাশি ফুলপুর পৌরসভাকে একটি অত্যাধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।’