মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী আমুয়াকান্দা বাজারের বিভিন্ন পথে সড়কে কাদা ও জলাবদ্ধতা লেগে থাকে। অল্প বৃষ্টিতেই পানি জমে যায়।
পর্যাপ্ত পরিমাণে ড্রেন ব্যবস্থাপনা না থাকায় দিনের পর দিন পানি জমে থেকে পরিবেশ দূষিত হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক হতে আমুয়াকান্দা ব্রিজ মোড় হয়ে পশ্চিমমুখি যে সড়কটি ধান মহাল হয়ে পয়ারীর দিকে নেমেছে ওই সড়কের কিছু অংশ ঢালাই করা। দুঃখজনক হলেও সত্য যে, ওই ঢালাই করা অংশে ত্রুটি থাকায় বা এর দুই পাশ উঁচু থাকায় ওখানে ধান মহালে পানি জমে থাকে।

শুধু তাই নয়, এই সড়কের পাশে কিছু কিছু জায়গায় মাটি খনন করায় বা নিচু থাকায় সারা বছর প্রায় পানি জমে থেকে নানা রোগ জীবাণু সৃষ্টি হয় ওখান থেকে। যাদের দোকানের সামনে এ অবস্থা তারাও এ ব্যাপারে কোন ফলপ্রসূ পদক্ষেপ না নেওয়ায় ক্রেতাসকল ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ধান মহালে সবসময় পানি জমে থাকায় ওখানে ট্রলি বা ট্রাক থেকে ধানের বস্তা নামাতে সমস্যা হয়। হঠাৎ কোন বস্তা কুলির হাত ফসকে পড়ে গেলে পানিতে পড়ে। আর বস্তা ছিদ্র হয়ে কোন ধান চাল নিচে পড়লে তা উঠানোর কোন সুযোগ নেই।
এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফের বাসার পাশ দিয়ে গরুর বাজারের দিকে যে রাস্তাটি গিয়েছে ওটাতে সবসময় পানি ও কাদা লেগে থাকে। বাজারে আগমনকারীরা এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিটি মোড় ও স্পট থেকে এসব কাদা, পানি ও দুর্ভোগ দূর করতে পৌর মেয়র মিঃ শশধর সেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।