মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয় যে, ফুলপুর উপজেলাধীন ৪নং সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং নিষ্ক্রিয় থাকায় সংগঠনের বৃহত্তর স্বার্থে, সংগঠনকে গতিশীল করতে অদ্য ১৬ মে বিলুপ্ত ঘোষণা করা হল।
এতে আরও বলা হয় যে, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের মাননীয় আহ্বায়ক ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে গঠনতন্ত্র মোতাবেক অত্র নোটিশ প্রদান করা হল। সবশেষে বলা হয়, অনতিবিলম্বে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।