আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৪
এটিএম রবিউল করিম রবি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি প্রকট হয়েছে। দীর্ঘদিন ধরে এ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগীরা। কারণ প্রতিদিন এখানে একশ'র উপরে রোগী ভর্তি থাকে। আজ বুধবার (১৫ মে) সকাল ১১টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ১২৫ জন রোগী সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫৪ জন মহিলা, ১১ জন শিশুসহ ২৯ জন ডায়রিয়ার রোগী। আর বাকী ৪২ জন নিউমোনিয়া, পেটব্যথা, দুর্ঘটনাজনিত ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ফুলপর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

কারণ, এতে একদিকে চিকিৎসক ও নার্সের অভাব, অন্য দিকে ঔষধের অভাব রয়েছে। তাই রোগীর এ চাপ সামাল দেওয়া যাচ্ছে না। একশত শয্যার হলে রোগীদেরকে কিছুটা হলেও ভাল চিকিৎসা দেওয়া যেত বলে মত প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির।

উনার সাথে আলাপ করে জানা যায় যে, ফুলপুর হাসপাতালে মাত্র ৭ জন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। যারা পোস্টিংয়ে ছিলেন, তাদের মধ্যে ৪জন জন প্রেষণে অন্যত্র আছেন। ১ জন কানাডায়, ১ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ১ জন জেলখানায় আরেকজন এক জায়গায় কর্মরত আছেন। ২ জন মহিলা চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ২৭ জন ডাক্তারের মধ্যে ১৪ জন কর্মরত আছেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন শুধু ফুলপুরবাসীর নয় বরং সময়েরও দাবি। এ ব্যাপারে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং এ সংক্রান্ত স্থায়ী কমিটির বর্তমান সভাপতি শরীফ আহমেদ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.