মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা মসজিদের নিয়মিত মুসল্লী মো. শরীফুল ইসলাম সুরুজের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) বাদ আসর গোদারিয়া মাদরাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ ফকির।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাহাপুর ছোট কুঁড়েরপাড় জামে মসজিদের ইমাম ও গোদারিয়া মাদরাসার উস্তাদ মাওলানা জুবায়ের হুসাইন ও মরহুমের বড় ছেলে নৌবাহিনীর ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট কমান্ডার কায়সার মাহমুদ রিজভী।

জানাজার পূর্ব মুহূর্তে বক্তব্যে হাফেজ মাওলানা আতাউল্লাহ বলেন, সুরুজ কাকা আমাকে তার জানাজার নামাজ পড়ানোর জন্য ওসিয়ত করে গেছিলেন। তিনি বলছিলেন যে, আমার মন চাইছিল তোমার বাবা (উপজেলা মসজিদের সাবেক ইমাম আসাদুজ্জামান ফকির) যেন আমার জানাজাটা পড়ান কিন্তু তিনি আমার আগে চলে গেছেন। এখন আমি তোমাকে ওসিয়ত করতেছি যদি আমি তোমার আগে মারা যাই তাহলে তুমি আমার জানাজার নামাজ পড়াইবা। আল্লাহর ইচ্ছায় সেই ওসিয়ত পূরণ করতে পারছি বলে শোকরিয়া আদায় করছি।
এসময় শায়খে বালিয়ার খলিফা মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, মরহুমের ভাই ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবু রায়হান, মরহুমের ছোট ছেলে রায়হান সাজ্জাদ নঈম, মরহুমে বিয়াই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, ভাতিজা ওয়াকিল আহমেদ, হাফেজ হাফিজুল্লাহ শিবলী, হাফেজ মুজাদ্দিদ, মরহুম হাফেজ মাওলানা মুজিবুর রহমানের ছোট ছেলে হাফেজ মাওলানা মুফতী জুনাইদ, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজাশেষে উনার লাশবাহী অ্যাম্বুলেন্স দিয়ে উনাকে তাদের পারিবারিক কবরস্থান মসজিদের সামনে নিয়ে নামানো হয়। সেখানে আরও কিছু মানুষ তাকে শেষবারের মত একনজর দেখে নেন। তারপর মসজিদের পশ্চিম পাশে তাদের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সবশেষে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে কবর জিয়ারত করতঃ সূরা ফাতিহা, সূরা ইখলাস ও দুরুদ শরীফ পড়ে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মরহুমের ভাতিজা হাফেজ হাফিজুল্লাহ শিবলী। মুনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মাক্বাম দান করেন সে দরখাস্ত পেশ করা হয়। সবশেষে তার সন্তান সন্ততি যাতে এ শোক সইতে পারেন আল্লাহ তায়ালা যেন তাদেরকে সবরে জামিল দান করেন এবং আমরা সবাই যেন ঈমানের সাথে মরতে পারি সেজন্য বিশেষভাবে দোয়া করা হয়।