মো. আব্দুল মান্নান :
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪-এ ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৮ মে তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে অর্থাৎ ৪৯ হাজার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীরা তাকে নতুন জামাইয়ের মত আদর করা শুরু করেন। তার গলায় ফুলের মালা পরিয়ে দেন। তাকে নিয়ে আনন্দ মিছিল করেন। এরপর সবাই মিলে তাকে ধরে নিয়ে বক্তব্য মঞ্চে উঠিয়ে দেন।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান মহান আল্লাহর শোকরিয়া আদায় করে বক্তব্যে বলেন, আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে আজীবনের জন্য ঋণী করেছেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের এই ভালবাসা ধরে রাখতে চেষ্টা করবো।
তিনি আরও বলেন, যারা আমাদের সাথে কাজ করেছেন অর্থ শ্রম সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এসময় তিনি এমপি শরীফ আহমেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আল্লাহ আমাকে আপনাদের সেবা করার জন্য কবুল করেছেন। আজ থেকে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল। রাত বিরাতে দিনে দুপুরে যখনই কোন সমস্যায় পড়বেন তখনই বা যে কোন সময় আপনারা আমার কাছে চলে আসবেন। আমার সাক্ষাৎ লাভের জন্য কোন নেতা ধরতে হবে না। ফুলপুর হবে সন্ত্রাস ও চাদাবাজমুক্ত, জুলুম নির্যাতন ও ইভটিজিংমুক্ত মডেল উপজেলা। এখানে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না। যারা এ ধরনের মন্দ কাজের সাথে জড়িত আছেন তারা রাতারাতি সংশোধন হয়ে যান। তা নাহলে কোন ছাড় দেওয়া হবে না।
এ ব্যাপারে আমি আপানাদের সার্বিক সহযোগিতা চাই। এসময় তিনি কাল ও পরশু সবার সাথে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলে জানান।