মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস মার্কার সমর্থনে ফুলপরের রাজপথে স্মরণকালের শ্রেষ্ঠ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। রবিবার (৫ মে) বিকালে ওই মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার ছনধরা থেকে বওলা পর্যন্ত ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কমপক্ষে ৩০ হাজার লোক এতে অংশ নেন। সকাল থেকেই ছোট বড় মিছিল সহকারে দলে দলে এসে শেরপুর রোড মোড়ে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হচ্ছিলেন তারা। তারপর বিকাল ৪টার দিকে ফুলপুর সরকারি কলেজ মাঠে বিশাল সমাবেশে অংশ নেন আনারসের সমর্থকরা।

মাঠটি তখন কানায় কানায় ভরে যায়। সেখানে আনারস প্রতীকের প্রার্থী ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এক হৃদয়গ্রাহী বক্তব্য দেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে এত ভালবাসেন! আমার শরীরের সমস্ত রক্ত বিলিয়ে দিলেও এ ঋণ কোনদিন শোধ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেক কষ্ট, অনেক বেদনা আমার এ বুকে। যাদেরকে আমি পা ছুঁয়ে সালাম করেছি, যাদের জন্য শ্রম দিয়েছি, টাকা খরচ করেছি, পিটনা পর্যন্ত খেয়েছি আজ তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। আমার বিশ্বাস, আপনারা আমার সাথে থাকলে কোনোভাবেই তারা আনারসের বিজয়কে ঠেকাতে পারবে না। আপনারা সদা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। ওরা গণ্ডগোল করতে চাইবে কিন্তু আপনারা কেউ কোন বিশৃঙ্খলায় জড়াবেন না।

এরপর কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে তিনি ঢাকা-হালুয়াঘাট ও ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওঠেন। বিশাল মিছিলের মাঝখানে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সবার ভালবাসার জবাব দিচ্ছিলেন তিনি। মিছিলটি সোজা চলে যায় উপজেলা গেটে। গেট থেকে আরও সামনে গিয়ে পৌরসভার রাস্তা দিয়ে ঢুকে। এরপর শিববাড়ী রোড, ছনকান্দা ও থানা রোড হয়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর দিয়ে শেরপুর রোডে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এক পথসভায় গিয়ে মিলিত হয়। সেই পথসভায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই বিশাল মিছিল দেখে আমি উপলব্ধি করতে পেরেছি আমি আমার দীর্ঘ জীবনে সকাল ৭টা থেকে রাত পর্যন্ত ফুলপুরের মানুষের জন্য যে কষ্ট করেছি সেই কষ্টের ফলাফল আজ আপনারা আমাকে দেখিয়েছেন। বিগত ২৫ বছরের মধ্যে ফুলপুরে এতবড় মিছিল আমি আর কখনো দেখি নাই। আল্লাহর ওয়াস্তে বলছি, আমার আর কোন কষ্ট নেই। আমি ওয়াদা করছি, আপনাদের জন্য আমার জীবন যদি বিলিয়ে দিতে হয় তবু আমার এতটুকু মায়া থাকবে না।

আপনারা আমার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে ৮ তারিখ বুধবারে ভোট কেন্দ্রে যাবেন এবং আল্লাহর ওয়াস্তে ভোট দিয়ে আনারস প্রতীককে বিজয়ী করবেন। এটাই আমার অনুরোধ। এই ফুলপুরের রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে, মাদকমুক্ত, জুয়ামুক্ত, ইভটিজিংমুক্ত এবং আপনাদের নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে আমি কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট ফুলপুর বিনির্মাণে সাবেক প্রতিমন্ত্রী বর্তমান এমপি শরীফ ভাইয়ের নেতৃত্বে ফুলপুর উপজেলাকে আমরা একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। এ ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

আল্লাহর ওয়াস্তে মেহেরবানী করে আনারস প্রতীকে আমাকে একটি করে ভোট দিবেন। এসময় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান ছাড়াও আরও ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান আতাউল করিম রাসেল (ঘোড়া), জেলা শ্রমিক লীগ নেতা মোঃ আফতাব উদ্দিন (দোয়াত কলম), উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের মোহাম্মদ মনিরুল হাসান টিটু (মোটরসাইকেল) ও বহিষ্কৃত বিএনপি নেতা ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান হাসান (হেলিকপ্টার) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুছ ছবুর সবুজ (বৈদ্যুতিক বাল্ব), মাওলানা আজহারুল ইসলাম (তালা), আমিনুল ইসলাম (টিউবওয়েল) ও আবু সাঈদ (টিয়া পাখি) আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকেয়া পারভীন লাকি (কলস) ও পান্না আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।