মো. আব্দুল মান্নান :
আসন্ন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪-কে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সর্বপ্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। আমি চাই ময়মনসিংহ বিভাগে কোন সমস্যা ছাড়া সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন হোক। কোন প্রকার কারচুপি বরদাশত করা হবে না। আমরা নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী। কাজেই ভয় পাওয়ার কোন কারণ নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভুঞা বিপিএম (বার) পিপিএম (সেবা), ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

এর আগে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, এটিএম রবিউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
