মো. আব্দুল মান্নান :
আগের দিন বাঘে খাইছে। এখন পুলিশের প্রতি মানুষের আর সেই ভয় নেই। যে কোন সাধারণ মানুষও এখন পুলিশের কাছে যেতে পারেন। পুলিশ এতটাই মিশুক! পুলিশ এখন জনকল্যাণমূলক কাজ করছে। শীতে কম্বল বিতরণ করছে। গরমে ছাতা বিতরণ করছে। অতি সাধারণ ঠেলাওয়ালা রিকশাওয়ালাকে ডাব কেটে খাওয়াচ্ছে। পানির বোতল দিচ্ছে। রড ছাড়া ক্যাপ সিস্টেম ছাতা তৈরি করে প্রচন্ড গরমে কষ্ট পাওয়া অসহায় ভ্যানওয়ালাদের মাথায় পরিয়ে দিচ্ছে পুলিশ।

ঈদে বহু গরিব দুঃখিদের মাঝে নতুন পোশাক বিলিয়েছে পুলিশ। এসব করে করে পুলিশ এখন মানবিক উপাধি পাচ্ছে। আগে পুলিশ দেখলে মানুষ পালাতো। পুলিশের প্রতি মানুষের একটা খারাপ ধারণা ছিল। তাদের নিকট ভদ্রলোকেরা মেয়ে বিয়ে দিতে চাইতো না। আর এখন পুলিশের নানা মানবিক কাজে মুগ্ধ হয়ে তাদের সাথে মানুষ কোলাকুলি করে।

এক সাথে বসে চা খায়। আড্ডা দেয়। কোন কোন পুলিশ থানা থেকে বিদায় নিলে সাধারণ মানুষ চোখের পানি ফেলে, কাঁদে। বলা যায়, পুলিশের অনেক উন্নতি হয়েছে।
এরপরও ফাঁকে দুয়েকজন তো আনসোশ্যাল থাকতেই পারে। এ রকম সব জায়গাতেই আছে। এজন্য সবাইকে এক পাল্লায় মাপা যাবে না।

এ প্রচন্ড গরমে একজন পুলিশ অফিসার রাস্তায় দাঁড়িয়ে গরিব অসহায় রিকশাওয়ালা, ঠেলাওয়ালা ও ভ্যানওয়ালাদের দাঁড় করিয়ে এক ধরনের আনকমন ছাতা পরিয়ে দিচ্ছেন তাদের মাথায়। শুধু তাই নয়, ডাব কেটে খাওয়াচ্ছেন। সাথে পানির বোতল দিয়ে দিচ্ছেন। আল্লাহ তায়ালা উনাকে জাযায়ে খায়ের দান করুক এবং সবাইকে এরকম মানবিক কাজে এগিয়ে আসার তাওফীক দান করুক।