মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় স্বেচ্ছাসেবকদের মাঝে ক্রসবেল্ট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় খান কনফেকশনারি অ্যান্ড জেনারেল স্টোরের সামনে থেকে এসব ক্রসবেল্ট বিতরণ করা হয়। তারাকান্দা থানার পক্ষ থেকে ওসি ওয়াজেদ আলী বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটিতে সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের মাঝে এসব ক্রসবেল্ট বিতরণ করেন।

ক্রসবেল্ট বিতরণের সময় ট্রাফিক ইনচার্জসহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ওসি বলেন, বাসস্ট্যান্ডে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কাজ করার জন্য তোমাদেরকে এসব ক্রসবেল্ট দেওয়া হয়েছে। কাজেই তোমরা এ পোশাকের সম্মান বজায় রেখে চলবে। নিজেরা আইন বিরোধী কোন কাজে বা চাদাবাজিতে জড়াবে না। এসব দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে তাদের সতর্ক থাকতে বলেন ওসি ওয়াজেদ আলী। এসময় স্বেচ্ছাসেবকরা সকল নিয়ম মেনে চলবেন বলে ওসিকে আশ্বস্ত করেন।