মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সরকারি কলেজ রোডের পুরান বাড়ি নিবাসী বাইতুস সালাম জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক তাবলীগ জামাতের আমির আব্দুর রহমান মাস্টারের মেঝ ছেলে আমুয়াকান্দা ব্রিজ মোড় জামে মসজিদের সেক্রেটারি আবু বকর সিদ্দিক আর নেই।
স্ট্রোকজনিত কারণে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, ঈদের দিন ভোরে তিনি মসজিদে নিজে ফজরের আযান দিয়েছেন ও নামাজ আদায় করেছেন। এরপর বাসায় গিয়ে অজু গোসল করে সেমাই নুডুলস খেয়ে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ তিনি লুটিয়ে পড়েন। পরে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও তারপর ঢাকায় রেফার করা হয়।

তিনি অত্যন্ত ভাল মনের একজন মানুষ ছিলেন। পরোপকারী ছিলেন। এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসা কলেজ রোডে থাকাবস্থায় এ প্রতিবেদকেরও অনেক উপকার তিনি করেছেন। বিদেশি একটি সংস্থার সাথে তিনি জড়িত ছিলেন। ওই সংস্থার মাধ্যমে ফুলপুর তারাকান্দা, নকলা নালিতাবাড়ী, হালুয়াঘাট ও ধোবাউড়াসহ আশপাশের বহু এলাকায় তিনি বহু মসজিদ, অজুখানা ও টিউবওয়েল করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি নরম তবিয়তের একজন মানুষ ছিলেন। কম কথা বলতেন। তবে গুছিয়ে কথা বলতে পারতেন। আশপাশের দরবার শালিসিতেও তাকে ডাকা হতো। কোন পক্ষপাতিত্ব করতেন না। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে তালহা এ প্রতিবেদকের ছাত্র। আল্লাহ তায়ালা তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুক।
মরহুমের নামাজে জানাজা রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজায় শরীক হওয়ার জন্য আহ্বান করা হয়েছে।