মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদানন্দ উদযাপন করেছে। সাধারণ মানুষের ঈদযাত্রা ও ঈদানন্দকে প্রাণবন্ত ও উৎসবমুখর করতে রাস্তা ঘাটে, গ্রামে গঞ্জে ও বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় ডিউটি পালন করেছেন তারা।
ঈদকে সামনে রেখে ওসি মাহবুবুর রহমান নিজের স্টাফের মাঝে নতুন পোশাক উপহার দিয়েছেন। পুলিশ সদস্যদের অনেকেই এ রকম উপহার ইতোপূর্বে আর পাননি বলে জানিয়েছেন।
এটাকে ওসির পক্ষ থেকে সারপ্রাইজ হিসেবে দেখছেন তারা। এজন্য ওসি মাহবুবুর রহমানকে সবাই ধন্যবাদ ও অভিনন্দন জানান।
ঈদ উপলক্ষে মা-বাবা, সহধর্মিনী, সন্তানাদি ও আত্মীয় স্বজনকে সময় দেওয়ার সুযোগ হয়নি অনেকেরই। এরপরও একটু আনন্দের আশায় কাজের শত ব্যস্ততার মাঝে একটু একসাথে বসা, খোশ আলাপন করা, আড্ডা দেওয়া এবং জীবনঘনিষ্ঠ বিভিন্ন কাজে পরস্পরকে সময় দেওয়া যেন তাদের রুটিন ওয়ার্কেরই অংশ।
ঈদের দিন ফুলপুর থানা মসজিদের সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবি করেছেন। সবাই মিলে একই ফ্রেমে বন্দি হয়ে নিজেদেরকে যেন স্মৃতির বাসরে জাগরূক করে রাখলেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত বন্দে আলী, থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া প্রমুখ।